বাংলাদেশ ফুটবল লিগে আজ গোল বন্যার দিন। গোপালগঞ্জে ৬-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ফর্টিজ। আর দিনের শেষ ম্যাচে সন্ধ্যায় কিংস অ্যারেনায় সাব্বির হোসেনের হ্যাটট্রিকে বসুন্ধরা কিংস ৭-০ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে পরাজিত করে।
কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই নেপালি উইঙ্গার মনীশ দাঙ্গির গোল করেন। মিনিট পাঁচেকের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির হোসেন। ঢাকা ওয়ান্ডারার্স আর ম্যাচে ফিরতে পারেনি। প্রথমার্ধেই গোলরক্ষক জসিম উদ্দিন সরাসরি লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে খেলে ওয়ান্ডারার্স।
বিকেলে ঢাকায় ঘণ্টা খানেক বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে কিংস অ্যারেনার মাঠ বেশ কর্দমাক্ত হয়। সেই কাদা মাঠেও কিংস দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল করে। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন সাব্বির। ৬৯ মিনিটে গোলের খাতায় নাম লেখান জাতীয় দলের তারকা ফরোয়ার্ড রাকিব হোসেন।
দশ মিনিট পর মোহাম্মদ আবদুল্লাহ গোল করলে স্কোরলাইন ৫-০ হয়। ৮৭ মিনিটে রবসনের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। রাকিব ও সাব্বির দুই জনেরই হ্যাটট্রিক সুযোগ ছিল। ইনজুরি সময়ে রাকিবের পাস থেকে হ্যাটট্রিক করেন সাব্বির। এতে ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
আগামীকাল মুন্সিগঞ্জে ঢাকা মোহামেডান খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। এই রাউন্ডে ঢাকা আবাহনীর ম্যাচ নেই। দুই ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪। ফর্টিজ তিন ম্যাচে সাত পয়েন্টে শীর্ষে রয়েছে।
