শুরুতে পাওয়া গোল আগলে রাখতে পারল না বাংলাদেশ। তাদের রক্ষণের ভুলে দ্রুতই সমতায় ফিরল উজবেকিস্তান। তবে, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের আলো ছড়ালেন রুনা আক্তার। কষ্টের জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স এশিয়ান কাপের বাছাই শুরু করল বাংলাদেশ।
তাসখন্দে বৃহস্পতিবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আলমিনা দলকে এগিয়ে নেওয়ার পর, ফারানগিজ লাকেভা সমতা ফেরান। পরে রুনার ওই ম্যাচ জেতানো গোল।
চতুর্থ মিনিটেই গোছাল আক্রমলে এগিয়ে যায় বাংলাদেশ। বাম দিক থেকে ফাতেমা আক্তার লম্বা ক্রস বাড়ান ডান দিকে থাকা পুর্ণিমা মারমার উদ্দেশে। তিনি বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান। গোলমুখ থেকে জালে বল জড়ান আলমিনা।
তাদের সেই আনন্দ ফিকে হয়ে যায় সপ্তদশ মিনিটে, আইরিন খাতুনের ভুলে। বিপজ্জনক এলাকায় লাকেভাকে কাটাতে গিয়ে বল হারিয়ে ফেলেন তিনি। বল কেড়ে নিয়ে বাম পায়ের নিচু শটে সমতা টানেন উজবেকিস্তানের এই ডিফেন্ডার।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ, কিন্তু প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারছিল দল। অবশেষ শেষ সময়ে বাম দিক দিয়ে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রুনা।
গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোববার ফিলিপিন্সের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করেছে তারা।
আট গ্রুপের চ্যাম্পিয়ন পাবে আগামী বছর চীনে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট। গত আসরের সেরা চারে থাকা উত্তর কোরিয়া, জাপান, চীন ও অস্ট্রেলিয়া সরাসরি খেলবে মূল পর্বে।
