
তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ মানিকনগর এলাকায় গোমতী নদীর ডান তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
কুমিল্লা পানি উন্নয়ন বিভাগের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের এ কাজে গোমতী নদীর ডান বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৬১.৭৭২ কিলোমিটার থেকে ৬১.৮৫১ কিলোমিটার পর্যন্ত মোট ৭৯ মিটার অংশে প্রতিরক্ষামূলক কাজ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা সূত্রে জানা গেছে, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ রক্ষায় এ কাজে সর্বমোট ৮ হাজার ১৪৪টি জিও ব্যাগ ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়ভাবে বন্যা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলায় জরুরি ভিত্তিতে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
