চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার ছয়দিন পর মঙ্গলবার রাতে দুই কিশোরীকে কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার কাশিনগর আল আমিন মহিলা মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারা মাদ্রাসায় না পৌঁছানো এবং বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। কোথাও তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে পুলিশ। নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চৌদ্দগ্রাম মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ সমন্বিতভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে। একপর্যায়ে নিখোঁজ দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে শনাক্তের পর মঙ্গলবার রাতে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন জানান, উদ্ধারকৃত দুই কিশোরীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।
