আফগানিস্তানের বিপক্ষে আগামী ৯ অক্টোবর একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগে দুবাইয়ে খেলা প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলামরা। যদিও দুই দিনের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে।
দুবাই ক্রিকেট একাডেমিতে দুই দিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন সৌম্য সরকার। ৯২ বলের ইনিংসে ছয়টি চার হাঁকান তিনি। সাদমান ইসলাম করেন ৪৬ রান। নাঈম হাসানের ব্যাট থেকে আসে ৩৬, আর মুমিনুল হক করেন ৩৩ রান।
বাংলাদেশের ইনিংসে বল হাতে সংযুক্ত আরব আমিরাতের হয়ে সবচেয়ে সফল ছিলেন ফারাজউদ্দিন। ১৬ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট।
জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ৫৩.৫ ওভারে ২২২ রানে অলআউট করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় টাইগাররা।
বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ছিলেন সবচেয়ে সফল। ৬ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাইজুল ইসলাম ১১.৫ ওভারে ৫৮ রান খরচায় নেন ৩ উইকেট। এ ছাড়া এবাদত হোসেন ও খালেদ আহমেদ একটি করে উইকেট পান।
সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন ওয়াসিম। আফতাব করেন ১১, আর জাবের হাসান ৩৮ রানের ইনিংস খেলেন।
প্রথম ইনিংসে ১২ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪৪ রান করে আউট হন, সাদমান ইসলাম করেন ৩২। জাকের আলী ১১ রানে অপরাজিত ছিলেন।
