নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার পর চলমান কিশোর গ্যাং বিরোধী অভিযানে গ্রেফতার ৬৩৩ জনের মধ্যে ২৭ জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ, আদালত ও কারাগার সূত্র জানায়, অপ্রতিম হত্যাকাণ্ডের রেশ ধরে গত ১০ দিনে কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে জেলা শহরসহ ১৮ টি থানা এলাকা থেকে ২০৪২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৪০৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকী ৬৩৩ জনের বিরুদ্ধে চলমান বিভিন্ন আইনে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তারমধ্যে গ্রেপ্তারকৃত ১৮ বছরের নিচে বয়স এমন ২৭ শিশুকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদেরকে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাদের আটক করা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, সর্বশেষ রোববার দুই কিশোরসহ গত কয়েকদিনে গ্রেফতার ২৭ শিশুকে গাজিপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকী ৬০৬ জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
