সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আইন ও জননিরাপত্তাবিরোধী কোনো বিষয় প্রকাশ, প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। একই সঙ্গে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন, চাকরির প্রলোভনে প্রতারণা এবং না বুঝে কোনো কাগজপত্রে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়া থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার এক বিশেষ সচেতনতা ও জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এসব বিষয়ে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার সুরক্ষা, নিরাপদ প্রবাসজীবন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কনস্যুলেট কাজ করে যাচ্ছে। প্রবাসীদের বৃহত্তর স্বার্থে সৌদি আরবের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কনস্যুলেট বলেছে, স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করার জন্যও সতর্ক করা হয়েছে।
কর্মস্থলে যোগদানের সময় অথবা অন্য কোনো ক্ষেত্রে কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণভাবে না বুঝে তাতে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।
আইনি জটিলতা এড়াতে নিজের ইকামা ব্যবহার করে কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল, সিম, যানবাহন বা অন্য কোনো সম্পদ কেনাবেচা কিংবা নিবন্ধন না করার জন্যও প্রবাসীদের সতর্ক করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় আইন অনুযায়ী দণ্ডনীয় বা সন্দেহজনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য অঞ্চল বা প্রতিষ্ঠানে কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।
অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যথাযথ উদ্দেশ্য ও পরিচয় নিশ্চিত না হয়ে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। পাশাপাশি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের সচেতনতা এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সৌদি আরবে তাদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রবাসজীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেও এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা।
