নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কিশোর গ্যাং প্রতিরোধে ফের অভিযানে নেমেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। পুলিশ ও ডিবির সমন্বয়ে পরিচালিত ছয় ঘণ্টার এ অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
এর মধ্যে ১৪৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ১০৮ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত বুধবার রাতভর কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়ে বাকিদের আদালতে সোপর্দ করা হয়। আদালতত ১৭৩ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
শনিবার রাতের অভিযানের বিষয়ে জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন বলেও জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
