নিজস্ব প্রতিবেদক: কুমিল্লাবাসীর নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু করা হয়েছে নাগরিক সেবা অ্যাপ ‘আমার কুমিল্লা’।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই সেবা অ্যাপের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ আমন্ত্রিত অতিথিগণ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কিউআর কোড স্ক্যান করে মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোনো সমস্যা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবে। সমস্যা জানানোর পর পরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তা সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। যেকোনো সমস্যার জানার পরও উদ্যোগ গ্রহণের কোন কর্মকর্তা ব্যর্থতার পরিচয় দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা নগরবাসীর সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পরিপূর্ণভাবে পালনের লক্ষ্যেই এই অ্যাপটি চালু করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা কুমিল্লার মানুষকে তাদের ভোগান্তি থেকে রেহাই দিয়ে কাঙ্খিত সেবা পৌঁছে দিতে চাই। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে এই কুমিল্লাকে গ্রীন এবং ক্লিন সিটিতে পরিণত করতে চাই।
কুমিল্লা নগরীর মানুষ যেকোনো প্রান্ত থেকে তাদের নাগরিক সমস্যার চিত্র এই অ্যাপে তুলে ধরতে পারবেন। আমরা ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে সেসব সমস্যা সমাধান করব। এজন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত টিম ও কর্মকর্তা রয়েছেন। অভিযোগ পাওয়ার পরও কেউ যদি সেই সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ না করেন- তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের ট্যাক্সের টাকায় এ নগরীর উন্নয়ন হচ্ছে- সুতরাং এখন থেকে আর কাউকে ভোগান্তি পোহাতে হবে না।
