
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কের দুই লেনেই যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় কুমিল্লার গন্ধমতিতে তার দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে দাফন করা হয়।
