কুমিল্লার লালমাই উপজেলায় বাগমারা হাসপাতাল রোড থেকে বেতিয়াপাড়া-লোলাই উত্তরপাড়া পর্যন্ত সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস এবং উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে বাগমারা হাসপাতাল রোড, বেতিয়াপাড়া ও লোলাই উত্তরপাড়াসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি হবে।
বিশেষ করে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি বাগমারা হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন স্থানীয়রা।
