চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর প্রবাসী সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে ক্রছকৃত নতুন জায়গায় কালিকাপুর নূরানী তা’লীমুল কুরআন মাদরাসার ঘরের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মুফতি শাহাব উদ্দিন। সমাজসেবক মাইন উদ্দিন মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী মাজহারুল ইসলাম, প্রবাসী মোঃ কামরুল হাসান, বদিউল আলম, মোঃ ছুট্টু মিয়া, আবদুল হামিদ, মাদরাসার শিক্ষক মাওলানা আবু সাইয়েদ। এছাড়াও প্রবাসী সামাজিক ঐক্য পরিষদের পরিচালক, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি অডিও বক্তব্যের মাধ্যমে যুক্ত হয়ে মাদরাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকার দ্বীনি শিক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তারা বলেন, প্রবাসীদের এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকার কোমলমতি শিশুরা সহীহ কুরআন শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
