
মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সুইডেনের নোবেল ফাউন্ডেশন।
শুক্রবার সংস্থাটি জানিয়েছে, এ বছর থেকে ছয়টি ক্যাটাগরির বিজয়ীদের ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন বা ১২ লাখ ২২ হাজার মার্কিন ডলার (প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা) দেওয়া হবে।
নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্তিয়ারনে এক বিবৃতিতে বলেন, “পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানোর মাধ্যমে আমরা নোবেল পুরস্কারের দীর্ঘমেয়াদি তাৎপর্যকে সমুন্নত রাখছি। একইসঙ্গে আমরা এটা নিশ্চিত করতে চাই, যাতে সময়ের পরিক্রমায় পুরস্কারের আর্থিক মূল্যমান অক্ষুণ্ণ থাকে।”
আগামী ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয় ক্যাটাগরিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
মূলত এবারের ঘোষণার মধ্য দিয়ে প্রথম নোবেল পুরস্কার দেওয়ার ১২৫তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে।
ডিনামাইটের আবিষ্কারক ও উনিশ শতকের প্রখ্যাত সুইডিশ ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী এই পুরস্কারের প্রবর্তন করা হয়।
১৯০১ সালে যখন প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়, তখন প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮২ সুইডিশ ক্রাউন।
