চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা কমিউনিটি ক্লিনিকের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়েই চলছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে ক্লিনিকটি সংস্কার ও সঙ্কট সমাধান না করায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।
সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, পোটকরা কমিউনিটি ক্লিনিকে পোটকরা, নোয়াপাড়া, তেলিহাটি, পাইকপাড়া, বিজয়পুর, কাছারিপাড়া, ত্রিশকোট, রাজাপুর, সদর দক্ষিণের পালপাড়া ও পাঞ্জাবসহ আশ-পাশের বিভিন্ন গ্রামের গরীব ও অসহায় রোগীরা প্রতিনিয়ত সেবা নেয়। কিন্তু দীর্ঘদিন ধরে ক্লিনিক ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ছে। এছাড়া সিলিং ফ্যানের হুকসহ মেঝেতে পড়ে যায়। নেই টেবিলের ছাউনীও। যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ক্লিনিকটির নষ্ট ল্যাপটপ মেরামতের জন্য উপজেলায় জমা দিলেও এখনো ফেরত পায়নি। ক্লিনিকে সেবাদানের জন্য নেই ডায়াবেটিকস্, বিপি মেশিন। নেই ড্রেসিনের প্রয়োজনীয় সরঞ্জাম। নানা সঙ্কটেও আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন সিএইচসিপি মোসাঃ খাদিজা আক্তার। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে সেবাদানের জন্য গুরুত্বপূর্ণ কমিউনিটি ক্লিনিক। কিন্তু আমার ক্লিনিকে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। সেবাগ্রহীতারা অনেক সময় আমার উপর রাগ করেন। ল্যাপটপ না থাকায় নিজের মুঠোফোনের মাধ্যমে দৈনন্দিন রিপোর্ট দিতে তুলনামূলক তিনগুণ সময় বেশি ও অনেক ভোগান্তি পোহাতে হয়। ক্লিনিকের সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী বলেন, পোটকরা কমিউনিটি ক্লিনিকসহ পুরো উপজেলার যেসব ক্লিনিক পূণঃনির্মাণ বা সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে চেষ্টা করবেন।
