
কিশোর-তরুণদের মাদক ও ইভটিজিং থেকে দূরে রাখতে কুমিল্লার মনোহরগঞ্জে গ্রামভিত্তিক ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের সাকতলা বাজারসংলগ্ন ডা. শহীদুল্লাহ মাঠে জাঁকজমকপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়। এতে যাওড়া একাদশ ও সাকতলা একাদশ অংশ নেয়।
খেলা উপলক্ষে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন বাইশগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং সেরা খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার তুলে দেন।এ সময় আয়োজক, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।