নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তেতৈয়ারা দাউদের খাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় এবং বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বিআরবি হাসপাতালে রবিবার রাত সাড়ে নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আক্তার হোসেন। মত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
ছাত্রদলের রাজনীতিতে নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত আক্তার হোসেন দীর্ঘদিন ধরেই দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বেশ কয়েকবার বিদেশে নেয়া হয়েছে। মাঝখানে বেশ কিছুদিন তিনি কিছুটা সুস্থ ছিলেন। দুই দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি সোমবার রাত সাড়ে নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর এ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আক্তার হোসেনের মৃত্যুতে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
