নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-নোয়াখালী বিভাগ নিয়ে আঞ্চলিক বিদ্বেষে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, কুমিল্লা বিভাগ তো হয়েই গেছে; এ নিয়ে আমরা যেনো কোনো প্রকার আঞ্চলিক বিদ্বেষে না জড়াই। তিনি বলেন, কুমিল্লার সাথে নোয়াখালীর দীর্ঘদিনের সাংস্কৃতিক ও আত্মীয় সম্পর্কে আছে। আমরা চাইনা কুমিল্লা বিভাগ নিয়ে নোয়াখালী ও কুমিল্লার মধ্যে কোন আঞ্চলিক দ্বন্দ্বের সৃষ্টি হোক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
হাসনাত বলেন, ‘কুমিল্লা-নোয়াখালীর সঙ্গে আমাদের দীর্ঘদিনের আঞ্চলিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এ বিভাগ নিয়ে যেনো আমাদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ তৈরি না হয়।’
তিনি আরও বলেন, ‘প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা কুমিল্লা বিভাগের বিষয়ে এগোচ্ছি। এ সিদ্ধান্ত অবশ্যই আসবে। তবে যে কেউই গণতান্ত্রিকভাবে সরকারের কাছে দাবি জানাতে পারেন। কিন্তু নিশ্চিত করতে হবে, বিষয়টি যেনো কোনোভাবেই আঞ্চলিক বিদ্বেষ, ঘৃণা বা ক্ষোভের মধ্যে না জড়ায়।’
