বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা (এবিপিসি)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রকাশিত বার্ষিক স্মরণিকা ‘ব্যাংকার্স বন্ধন–২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়। এ পরিবারের নতুন সংযোজন ধর্মীয়, নৈতিক ও আধুনিক শিক্ষার ব্রত নিয়ে সদ্য প্রতিষ্ঠিত ব্যাংকার্স মডেল স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং এএইচএম নাজমুল আলম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি-এর এজিএম মো: খোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর ফার্স্ট এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুল ইসলাম কুমিল্লার বিভিন্ন ব্যাংকের সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।আরও উপস্থিত ছিলেন ,প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি মো:তারিকুল ইসলাম, মোহাম্মদ মশিউর রহমান এবং প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার সহ প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“সম্প্রীতি, ভালোবাসা ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা ব্যাংকারদের মাঝে সৌহার্দ্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা অব্যাহত রাখতে চাই। ‘ব্যাংকার্স বন্ধন–২০২৬’ আমাদের এই ঐক্য, ভালোবাসা ও পথচলারই প্রতিচ্ছবি।”
অতিথিবৃন্দের উপস্থিতিতে ‘ব্যাংকার্স বন্ধন–২০২৬’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত। সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অর্জন, সাফল্য, স্মৃতিচারণা এবং সদস্যদের সৃজনশীল লেখনীর সমন্বয়ে প্রকাশিত এ স্মরণিকাটি আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর ঐক্য, সৌহার্দ্য, ভালোবাসা ও দীর্ঘ পথচলার এক অনন্য দলিল হিসেবে সকলের প্রশংসা অর্জন করে।
ইতিমধ্যে এ অরাজনৈতিক এ সংগঠন ধর্মীয় মূল্যবোধ, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের লক্ষ্যে কুমিল্লায় ব্যাংকার্স মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছে যা আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে অভিষেক ঘটবে। এ লক্ষ্যে নগরীর রামমালা রোড এলাকায় মক্কা টাওয়ারে নান্দনিক ক্যাম্পাস সাজানো হচ্ছে।
