নিজস্ব প্রতিবেদক।।
অস্বাস্থ্যকর
পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দূরপাল্লার যাত্রীদের ‘জনপ্রিয়’
রেস্তোরাঁ মিয়ামি থ্রি ও জাইতুনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার
(৩০ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এ দুই হাইওয়ে রেস্তোরাঁয় যৌথ
অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য
কর্তৃপক্ষ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. কাউছার
মিয়া বলেন, মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকায়
‘মিয়ামি-থ্রি’ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাঁচা
মাংসের রক্ত ও বিষ্ঠার সংস্পর্শে রান্না করা খাবার রাখা এবং অস্বাস্থ্যকর
পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া মহাসড়কের সদর
দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় ‘জাইতুন’ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে
উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.
কাউছার মিয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, জেলা স্যানিটারি
ইন্সপেক্টর আব্দুর রহিম মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও কুমিল্লা নিরাপদ
খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রাহক মো. সাকিব।
