ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলাসহ তিনটি মামলার
এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার
সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শিদলাই গ্রামের আমির হোসেনের
ছেলে ও শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো.
সাব্বির হোসেন (২৬) এবং একই বাড়ির মজিবুর রহমানের ছেলে মো. শাকিব (২৫)।
পুলিশ
জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল শিদলাই
এলাকায় অভিযান চালায়। এ অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) সুজন
কুমার আচার্য্য, মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ জালাল উদ্দিন। অভিযানে সরকারি
কাজে বাধা দেওয়ার মামলাসহ তিনটি মামলার পরোয়ানাভুক্ত ওই দুই আসামিকে
গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
