চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ছাদ থেকে পড়ে মহিদুল ইসলাম (২০) নামের
এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মহিদুল চাঁপাইনবাবগঞ্জের চাঁপাই সদরের
খোনাপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম
পৌরসভার বৈদ্দেরখিল গ্রামের জামে মসজিদ রোডে এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত
করেন ভবন নির্মাণ কাজের ঠিকাদার আরিফ হোসেন।
ঘটনাস্থলের পাশ্ববর্তী
ভবনের ভাড়াটিয়া মোতালেব হোসেন বলেন, বিকেল সাড়ে তিনটার সময় বিকট শব্দ শুনে
ছুটে এসে দেখি ওই নির্মাণ শ্রমিক মাটিতে পড়ে আছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা
প্রেরণ করা হয়।
ঘটনাস্থল সংলগ্নদোকানি বলেন, মহিদুল ও জাহিদ ইমাম
হোসেনের নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন লাগোয়া ইলিয়াসের ভবনের চার তলায়
দাঁড়িয়ে। এসময় নির্মাণাধীন ভবনে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায়
পা ফসকে মহিদুল সোজা নিচে পড়ে গুরুতর আহত হয়।
মহিদুলের সাথে কাজ করা
জহিদুল জানান, আমরা দুই জন একই স্থানে কাজ করছিলাম। হঠাৎ মহিদুল বেখায়ালে
নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, গুরুতর আহত
নির্মাণ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়। শুনেছি
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
