নিজস্ব
প্রতিবেদক:নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ
পরিকল্পনা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে কুমিল্লা সদর আসনের সংসদ
সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার
(২১ আগস্ট) সন্ধ্যায় মনির টাওয়ারে আয়োজিত এ সভায় ফাউন্ডেশনের বিভিন্ন
সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে আগামী দিনে ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি
বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
মতবিনিময়কালে
নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ফজলে ইলাহী ফয়সাল, সাধারণ
সম্পাদক মো. আজাদ সরকার লিটন, সহসভাপতি সাকিনা বেগম, সদস্য নুরুল ইসলাম
মজুমদার, হারুন মজুমদার, আবুল বাসার, কামরুল নাহার দীপু, মামুন কবির
চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল হক সপন, কবি আবদুল কাইয়ুম, কবি দিল আফরোজা, রুনা
আলেয়া আক্তার আলো, কবি শিপন হোসেন মানবসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও
শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
আলোচনায় নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর শিক্ষা,
নারী জাগরণ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ঐতিহাসিক অবদানকে নতুন প্রজন্মের
কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের কার্যক্রম
আরও বিস্তৃত করে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য ও জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ
গ্রহণের বিষয়েও মতামত তুলে ধরা হয়।
এ সময় এমপি মনিরুল হক চৌধুরী
ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন
এবং নবাব ফয়জুন্নেছার আদর্শ ও সমাজকল্যাণের চেতনাকে সামনে রেখে কার্যক্রম
পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
