নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায়
মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় মাদক সংশ্লিষ্টতার
অভিযোগে ৮৪ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল
পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে
গ্ৰেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ
জানায়, সমাজে মাদকের বিস্তার রোধ, সামাজিক অবক্ষয় ঠেকানো এবং আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিতভাবে মাদকবিরোধী
অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির
আলোকে মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর
আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তারই ধারাবাহিকতায় গেল ২৪ ঘন্টায় ৮৪ জনকে গ্ৰেফতার করা হয়।
পুলিশ
জানায়, এর আগে ৭৫ জনকে গ্ৰেফতারের পর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক গত তিন দিনে মাদকের সঙ্গে
সংশ্লিষ্ট ৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। ফলে
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেও অপরাধীদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ
আনিসুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী, পরিবেশক কিংবা মাদকের সঙ্গে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না। মাদকের
বিস্তার রোধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
