ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে পুরনো গাছের গুঁড়ি ও কাণ্ডে সাদা
রঙের বুনো মাশরুম বা লোকমুখে পরিচিত ‘ব্যাঙের ছাতা’র ব্যাপক প্রাদুর্ভাব
দেখা দিয়েছে। থোকায় থোকায় ফুটে থাকা এই মাশরুম দেখতে প্রতিদিন স্থানীয়
বাসিন্দারা ভিড় করছেন। তবে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বুনো মাশরুম খাওয়া
অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।
সম্প্রতি উপজেলার
বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, মরা ও স্যাঁতসেঁতে গাছে ধাপে ধাপে সাদা রঙের
ছাতার মতো মাশরুম জন্মেছে। দেখতে আকর্ষণীয় হওয়ায় উৎসুক মানুষ এগুলো দেখতে
আসছেন এবং ছবি তুলছেন।
স্থানীয় বাসিন্দা গাজী মোস্তফা কামাল বলেন,
"সকালে হাঁটতে বেরিয়ে গাছের কাণ্ডে থোকায় থোকায় এই সাদা মাশরুম দেখতে পাই।
সচরাচর এত সুন্দর ও সারিবদ্ধভাবে ব্যাঙের ছাতা ফুটতে দেখা যায় না। দেখতে
খুবই চমৎকার লাগছে।"
অন্য এক পথচারী রহিম মিয়া জানান, "অনেকে ভাবছেন এগুলো খাওয়ার উপযোগী কি না। তবে না চিনে না বুঝে এগুলো খাওয়া উচিত হবে না।"
এ
বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি মেডিকেল অফিসার
ডা. সোহেল রানা বলেন, "প্রকৃতিতে প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা সব মাশরুম খাওয়ার
উপযোগী নয়। অনেক বুনো মাশরুমে বিষাক্ত উপাদান থাকে, যা খেলে পেটে তীব্র
ব্যথা, বমি, ডায়রিয়া থেকে শুরু করে লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।
কোনো মাশরুম যদি সরকারি বা নির্ভরযোগ্য সংস্থা দ্বারা সার্টিফাইড বা চাষ
করা না হয়, তবে তা না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।"
তিনি আরও জানান,
স্থানীয়দের প্রতি আহ্বান থাকবে কেবল সৌন্দর্যের দৃষ্টিতে এটি উপভোগ করা
ভালো, তবে বিষক্রিয়া এড়াতে এগুলো খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত।
