মৌসুমি
নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল। এর মধ্যেই পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার
চালিতাবুনিয়া ইউনিয়নের ১০ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি
ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১০ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার
(১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হাইরের কাছাকাছি এলাকায় এ
দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মীর বিষয়টি
নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে রাঙ্গাবালীর
কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সোমবার
আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হয়ে উঠলে তারা ঘাটের উদ্দেশ্যে ফিরছিলেন।
পথে হাইরের মাঝামাঝি এলাকায় ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ের চাপে ট্রলারের তলা
ফেটে যায়। কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যায় ট্রলারটি।
ট্রলারডুবির পর
আশপাশে থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা দ্রুত এগিয়ে এসে সাতজনকে
উদ্ধার করেন। এ সময় আরও তিন জেলে নিখোঁজ থাকায় তাদের সন্ধানে সাগরে
তল্লাশি শুরু হয়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ওই তিনজনেরও
সন্ধান পান এবং তাদের জীবিত উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন-
মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো.
মজনু (৩৮), মো. সাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) ও মো. মনির
(৩৬)।
এদিকে দুর্ঘটনার পর ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় সেটিকে ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করা
হচ্ছে।
