মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩
মুরাদনগরে পুলিশের উদ্যোগে বিশাল র‌্যালি ও সমাবেশ
সাজ্জাদ হোসেন, মুরাদনগর :
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৪২ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ১:৪০ এএম |


মাদকের কড়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা এবং মুরাদনগর উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করার কঠোর বার্তা দিয়ে বিশাল মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘মাদক ছাড়ো নয়তো এলাকা ছাড়ো’-এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে পুলিশের পাশাপাশি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মাদক কারবারীদের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে পুলিশ কোনো প্রকার ছাড় দেবে না। যারা এই অপকর্মের সাথে যুক্ত, তাদের সামনে দুটি পথ—হয় মাদক ছাড়তে হবে, না হয় মুরাদনগরের মাটি ছাড়তে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম ও হাজী ইদ্রিস। এছাড়া বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করার জোর আহ্বান জানান। একই সাথে মুরাদনগরকে শতভাগ মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের কঠোর অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দীপ্ত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশস্থলে এসে শেষ হয়। র‌্যালিতে সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২