প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:১২ এএম আপডেট: ১৮.০৮.২০২৬ ১:৪১ এএম |
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনা দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা, এছাড়া সাম্প্রতিক সময়ে আটক চালানগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় আটককৃত চালান বলে দাবি পুলিশের।
সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শামছুল আলম শাহতিনি জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি () থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।এ ঘটনায় ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দু’জনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
বিশাল চালানের ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ সুপার জানান, ইয়াবার চালানসহ আটক দুই জন রবিবার চট্টগ্রাম আসে। সেখানে একটি হোটেলে ছিলো, বিশ্রাম করে আবার সোমবার ভোর বেলা রওনা হয়। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে কুমিল্লার পুলিশ তাদেরকে ঝাগুরঝুলি এলাকায় আটক করে। তারা ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলো। তারা কি ইয়াবার বহনকারী নাকি মালিক তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। সাম্প্রতিক সাঁড়াশি অভিযানের অংশ হিসাবে বড় চালানগুলোকেও আটক করার চেষ্টা করছি। এর আগে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবার চালান আটক করেছিলাম, এবার তিন লাখ পিস ইয়াবার চালান আটক করতে পারলাম।
পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান আরো বলেন, এর আগে যে ইয়াবার চালান আটক হয়েছে সেখানে আটক ৫ জনের মধ্যে ৩ জন আদালতে স্বীকার করেছে তারা এই ব্যবসায়ের সাথে জাড়িত। এবার যারা আটক হলো- আশা করছি জিজ্ঞাসাবাদ ও রিমান্ডের মাধ্যমে তাদের কাছ থেকেও তথ্য পাওয়া যাবে। এই চালানের সাথে আরো কারা জড়িত তাদের বিষয়েও আমরা আরো তথ্য পেতে পারি বলে আশা করছি।