
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা ও মাতাকে মারধর
করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে।
ঘটনার ছয় ঘন্টার পর সেই ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গিয়ে মাথা ঘুরে
পড়ে মৃত্যু হয়েছে আবু তাহের মজুমদারের। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয় সূত্রে জানা
গেছে, দীর্ঘদিন ধরে বাংপাই গ্রামের শহিদুল ইসলাম শরীফ মুজমদার(৩২) নেশার
টাকার জন্য বাবা আবু তাহের মজুমদার ও মা শরীফা বেগমকে গালমন্দসহ মারধর করে।
এছাড়াও ঘরের জিনিসপত্র ভাংচুর করে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে
সাতটায় নেশার টাকার জন্য বাবার ঘরে ঢুকে গালমন্দ করে। এক পর্যায়ে বাবা আবু
তাহের মজুমদার ও মা শরীফা বেগমকে এলোপাতাড়ি কিল ঘুষি ও গলাটিপে শ^াসরোধে
হত্যার চেষ্টা করে। ওই সময় বাড়ির আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে
হামলাকারী শহিদুল ইসলাম শরীফ মজুমদারের হাত থেকে তাদেরকে প্রাণে রক্ষা করে।
এ ঘটনা শেষে আহত আবু তাহের মজুমদার ছেলে শরীফ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ
লেখা শেষে থানা আঙিনায় মাথা ঘুরিয়ে পড়ে যায়। উপস্থিত লোকজন বিষয়টি টের পেয়ে
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, পারিবারিক
কলহের বিষয়ে থানায় অভিযোগ দিতে এসে আবু তাহের মজুমদার নামে এক ব্যক্তি
অসুস্থ্য হয়ে পড়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাশটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।
