
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় উৎসবমুখর ও জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যান্ড সঙ্গীত উৎসব মেলোডি অফ কুমিল্লা। স্বাধীনতা সঙ্গীতায়ন ও প্র্যাকটিস প্যাডের যৌথ উদ্যোগে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এই সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কনসার্টটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সহ-সভাপতি মো. শওকত আলী বকুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং ভিটাপাস হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী নুরুল আলম।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প সংগঠক শিল্পী জানভি টিনা এবং আমন্ত্রিত মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে ছিলেন স্বাধীনতা সঙ্গীতায়ন ও প্র্যাকটিস প্যাডের স্বত্বাধিকারী এবং স্বাধীনতা ব্যান্ডের কিবোর্ডিস্ট প্রকৌশলী এস. এম. জান্নাতুল ফেরদৌস।
কনসার্টের মূল আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড দল সাবকনশাস। তাদের একের পর এক জনপ্রিয় গান পরিবেশনায় দর্শক-শ্রোতারা উন্মাদনায় ভেসে যান।
এছাড়া উৎসবে কুমিল্লার স্থানীয় বেশ কয়েকটি উদীয়মান ব্যান্ড দল স্বাধীনতা, ব্রেকভ্যান, আর্ট অফ হেভেন, ইচিনুস, ট্রিটিও, ইনস্ট্যান্ট, রেইনস্মেল, নিঃশব্দ, এক্সপ্লোশন, প্লাস্টিড, এফিমেরাল, ছায়াপথ, আবরান্ত এবং প্রজেক্ট রিকুয়েম সঙ্গীত পরিবেশন করে পুরো মিলনায়তন মাতিয়ে রাখে।
