মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
বুড়িচংয়ে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির এডহক কমিটি গঠন
সভাপতি আরিফ, সদস্য সচিব শফিকুল
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:১৬ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সমিতির ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষকদের ঐকমত্যের ভিত্তিতে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় পূর্ণমতি মন্সুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ কাউসার রহমান শাহীনকে সভাপতি এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি মোঃ আব্দুল গফুর।
সভায় শুরুতেই দুই শিক্ষক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ আব্দুর রহমান এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম বজলুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমিতির প্রাপ্য অর্থের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, চলতি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সমিতির কার্যক্রমকে গতিশীল রাখা এবং পরবর্তী ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের লক্ষ্যে এডহক কমিটি গঠনের প্রয়োজন দেখা দেয়। পরে উপস্থিত শিক্ষক ও সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত পাঁচ সদস্যের এডহক কমিটির সদস্যরা হলেন-নিমসার তাহেরা জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের মোঃ মোস্তাফিজুর রহমান এবং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ হুমায়ূন কবির বাবুল মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন ভূইয়া।
এ সময় বুড়িচং উপজেলার সমিতির আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি মোঃ আরিফ কাউসার রহমান শাহীন উপস্থিত শিক্ষক, সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমিতির আগামী ত্রিবার্ষিক সম্মেলন সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। ওই সম্মেলনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জসিমকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হবে।
একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন নেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ধাপে ধাপে ভর্তি কার্যক্রম শেষ করে ১০ নভেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ বিষয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্বাচন, নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা হবে। ১০ নভেম্বরের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হতে পারে।
গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ প্রায় ৭ লাখ শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেনি।
অন্যদিকে, দেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর জন্য আসনের সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে মানসম্মত ও জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসনসংখ্যা সীমিত হওয়ায় এসব প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র হতে পারে।
গত বছর একাদশ শ্রেণিতে মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। সে হিসাবে প্রায় ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় অব্যবহৃত আসনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২