
আগামী ১৬আগস্টের মধ্যেকুমিল্লার মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলার বাহিনীর কাছে আত্মসমর্পন না করলেতাদের চিহ্নিত করে লিফলেট আকারের ছবি টানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
তিনি বলেন, ১৬ আগস্ট থেকে কুমিল্লার ১৮টি উপজেলায় একযোগে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালানো হবে। একই সময়ে জেলার ১৮টি উপজেলায় অভিযোগ বক্সে স্থাপন করা হবে। এই সময়ের মধ্যে যদি মাদকের ডিলার কিংবা খুচরা ব্যবসায়ীরা আত্মসমর্পন করে- তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি তা না হয় তাহলে মাদক কারবারিদে চিহ্নিত করে তাদের ছবি লিফলেট আকারে টানিয়ে দেওয়া হবে- যেনো সমাজ তাদের আর গ্রহণ না করে।
সোমবার (১১আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাকারিয়া তাহের বলেন- যে করেই হোক কুমিল্লাকে মাদকমুক্ত করতে হবে। পুলিশের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ী, ডিলার ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক শুধু একজন মানুষকেই ধ্বংস করে না একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। একটি সুন্দর সমাজ গড়তে হলে আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসার পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এবং আমার একটি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে আমি এমপি হই আর না হই আমি সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো। তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের তথ্যমতে , জেলা পুলিশ বিভিন্ন অভিযানে ৪ লক্ষ ৫৭ হাজার ৭৩৭ ইয়াবা, ৩ হাজার ৭৬৮ কেজি গাজা, ৩ হাজার ১৮৯ বিদেশী মদ ও হিরোইন উদ্ধার করেছে। এমন অভিযানে প্রায় ১ হাজার ৬৭ টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি পুলিশের মাদক বিরোধী অভিযানকে আরো তরান্বিত করার জন্য গুরুত্বারোপ করেন।
মাদকবিরোধী সমাবেশে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর নিয়ে মাদক বিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি টাউনহল মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
এসময় সমাবেশে উপস্থিত কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থীকে ‘মাদককে না বলি’ স্লোগানের মাধ্যমে শপথবাক্য পাঠ করান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
