
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার
অভিযোগে করা মামলায় আলী আকবর ওরফে কাইল্লা (৭৫) নামে এক ব্যক্তিকে পাঁচ
বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড
দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে কুমিল্লা শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।
মামলার
নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ এপ্রিল দুপুরে দাউদকান্দি উপজেলার
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা মিজি বাড়ি এলাকায় সাত বছরের ওই শিশু গোসল
করতে যায়। এ সময় আলী আকবর তাকে জোরপূর্বক নিজের ঘরের একটি কক্ষে নিয়ে
ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত আলী আকবরকে আটক করে পুলিশে খবর দেন।
ঘটনার
পর শিশুটিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির মা নুরুন নাহার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় আলী আকবর ওরফে কাইল্লার বিরুদ্ধে মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর পাশাপাশি বাদীপক্ষের হয়ে অ্যাডভোকেট আবুল কালাম ফারাজ মামলা পরিচালনা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত আসামি আলী আকবরকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।
