স্টাফ
রিপোর্টার।। কুমিল্লা নগরীর নিশ্চিন্তপুর এলাকায় প্রবাসী মামার সম্পত্তিতে
ময়লা-আবর্জনার ফেলানোর প্রতিবাদ করায় হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে
প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত একজনকে নিয়ে ভুক্তভোগী কোতয়ালী
মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,
দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কাইয়ুম খন্দকার
অভিযোগ করেন, তার মামা সামছুল হক যুক্তরাষ্ট্রে বসবাস করায় কুমিল্লা
ক্যান্টনমেন্ট সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় থাকা বাড়ি ও জমিজমা দীর্ঘদিন ধরে
তিনি দেখাশোনা করে আসছেন।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী ইমন চৌধুরী,
মান্নান চৌধুরী ও হাসান চৌধুরী বাড়ি নির্মাণের সময় প্রায় এক ফুট জায়গা দখল
করে রেখেছেন। এছাড়া অভিযোগকারীর মামার জমিতে ময়লা-আবর্জনা ফেলা, সেন্ট্রাল
এসির অংশ স্থাপন এবং বিভিন্নভাবে জমি ব্যবহার করার অভিযোগও করা হয়েছে। এসব
বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন
বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, শুক্রবার (৭
আগস্ট) সকাল ১১টার দিকে অভিযোগকারী তার সিএনজিচালক মোস্তফাকে সঙ্গে নিয়ে
ঘটনাস্থলে গেলে অভিযুক্তদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘবদ্ধ
হয়ে কিল-ঘুষি ও থাপ্পড় দিয়ে মারধর করেন। এ সময় ইট নিক্ষেপ করলে মোস্তফার
মাথার বাম পাশে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন বলে অভিযোগে উল্লেখ
করা হয়েছে।
অভিযোগকারী দাবি করেন, হামলার সময় অভিযুক্তরা লাঠিসোঁটা
নিয়ে তাকে ও তার সহযোগীকে প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে
তারা সেখান থেকে প্রাণে রক্ষা পান। ঘটনার পর তিনি ও তার পরিবার
নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
এ ঘটনায় কাইয়ুম
খন্দকার কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে যত্রতত্র বা যেখানে-সেখানে
ময়লা-আবর্জনা না ফেলার জন্য এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি দেশবাসীকে সচেতন হওয়ার এবং নিজেদের ঘর ও পরিপার্শ্বের মতো পুরো
দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেছেন। দেশের পরিবেশ নষ্ট হলে
দেশের ছোট-বড় সব মানুষেরই ক্ষতি।
বিশিষ্টজনরা বলেছেন, যারা ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।
