নিজস্ব
প্রতিবেদক: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কুমিল্লা সিটি
কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা
করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিভিন্ন
সড়ক, আবাসিক এলাকা, শিল্পাঞ্চল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় মশক নিধন
কার্যক্রম চালানো হয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরবাসীর
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত কর্মসূচির
অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় ৭ নম্বর
ওয়ার্ডের বিসিক মোড় থেকে সম্পূর্ণ বিসিক শিল্পনগরী এলাকা, মাজার রোড,
অশোকতলা-বিসিক সড়ক এবং নোনাবাদ পুকুরের পশ্চিম পাড় এলাকায় মশক নিধন
কার্যক্রম পরিচালিত হয়।
৮ নম্বর ওয়ার্ডে টাওয়ারের পেছনের গলির দক্ষিণ
পাশ, শিক্ষা বোর্ড আবাসিক এলাকা, মাস্টারপাড়া, সালাউদ্দিন মোড় থেকে বৌদ্ধ
মন্দির সংলগ্ন সড়ক এবং বাগানবাড়ি রোডসহ আশপাশের বিভিন্ন গলিতে ওষুধ ছিটানো
হয়।
এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের অশোকতলা চৌমুহনী থেকে রানীর বাজার মোড়
পর্যন্ত রাস্তার উত্তর পাশ, বাগিচাগাঁও বড় মসজিদ এলাকা, সাবেক কাউন্সিলর
জম্পী ভাইয়ের বাসার গলি এবং ভূতের গলি থেকে ফায়ার সার্ভিস সড়ক পর্যন্ত
এলাকায় বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
শহর সার্ভিস এলাকার আওতায় আনোয়ারা হাউজিং, প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকা এবং তোয়া হাউজিংয়েও মশক নিধন অভিযান চালানো হয়েছে।
কুমিল্লা
সিটি কর্পোরেশন নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শুধু ওষুধ ছিটিয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাসাবাড়ি, ছাদ, আঙিনা এবং আশপাশের কোথাও যেন
পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নাগরিকদের
সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মশামুক্ত নগরী গড়ে
তোলা সম্ভব।
সিটি কর্পোরেশন জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
