
কয়েক
ঘণ্টা পরেই পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের এবারের আসরে। আর আগামী রবিবার
কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন
জার্মানি। তবে মাঠে নামার আগেই এক মানবিক উদ্যোগ নিয়ে বিশ্বজুড়ে
ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে জার্মান ডাইমানশাফটরা। আমেরিকার আকাশছোঁয়া
পরিবহন খরচের ধাক্কায় দিশেহারা সমর্থকদের পাশে দাঁড়াতে নিজেদের পকেট থেকে
অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন কিমিচ-মুলাররা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিউইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ
স্টেডিয়ামে যাতায়াতের জন্য ৬০০ জন জার্মান সমর্থকের বাসের সম্পূর্ণ খরচ
এককভাবে বহন করবেন জার্মানির জাতীয় দলের খেলোয়াড়েরা।
এবারের বিশ্বকাপের
ম্যাচগুলোকে কেন্দ্র করে নিউইয়র্ক ও নিউ জার্সির নগর কর্তৃপক্ষ গণপরিবহনের
ওপর অতিরিক্ত চাপের অজুহাত দেখিয়ে বাস ও ট্রেনের ভাড়া স্বাভাবিকের চেয়ে
কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ভাড়া বৃদ্ধির কারণে চরম ক্ষোভ প্রকাশ করছিলেন
ফুটবল ভক্তরা, যারা ইতোমধ্যেই হাজার হাজার ডলার খরচ করে ম্যাচের টিকিট
কিনেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, নিউইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ
স্টেডিয়ামে ট্রেনের সাধারণ যাতায়াত ভাড়া যেখানে মাত্র ১২.৯০ ডলার (প্রায়
১,৫০০ টাকা), বিশ্বকাপ উপলক্ষে তা বাড়িয়ে করা হয়েছে ৯৮ ডলার (প্রায় ১১,৫০০
টাকা)! তীব্র সমালোচনার মুখে পড়ার আগে কর্তৃপক্ষ এই ভাড়া ১৫০ ডলার করার
প্রস্তাব করেছিল। একইভাবে শাটল বাসের ভাড়াও ২০ ডলার থেকে বাড়িয়ে ৮০ ডলার
করার পরিকল্পনা করা হয়েছিল। অথচ গত দুটি বিশ্বকাপে (রাশিয়া ও কাতার)
টিকিটধারী দর্শকদের জন্য যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি ছিল।
জার্মান
ফুটবল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিউইয়র্কে বিশ্বকাপের
সময় বাস ও ট্রেনের অতিরিক্ত যাতায়াত ভাড়ার কথা বিবেচনা করে, জার্মান জাতীয়
দলের খেলোয়াড়েরা ৬০০ ভক্তের জন্য বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করেছেন।
অধিনায়ক জশুয়া কিমিচ এবং তার সতীর্থরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে
সমর্থকদের নিউইয়র্ক থেকে নিউ জার্সির স্টেডিয়ামে নিয়ে যাওয়ার বাসের যাবতীয়
খরচ বহন করছেন।
