চাঁদপুরে পাসপোর্ট, নগদ টাকা, পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপসহ দালাল চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। চাঁদপুর জেলার সদর মডেল থানার ফরিদগঞ্জ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সরকার এন্টার প্রাইজ দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১২টি পাসপোর্ট, নগদ ৬২,৫০০ টাকা,১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুর জেলার সদর থানার ষোলঘর গ্রামের শংকর চক্রবতী এর ছেলে অনুরাগ চক্রবর্তী(১৯),ফরিদগঞ্জ থানার নড়াইলচর গ্রামের লোকমান পাটোয়ারির ছেলে মোঃ মাসুম হাসান রাজু(২৫), সদর থানার তরপছন্দি গ্রামের মোঃ ছিটু গাজীর ছেলে মোঃ মোশাররফ হোসেন(৪২) এবং একই থানার দক্ষিন তরপুর চন্ডি গ্রামের আব্দুর রহিম এর ছেলে আবদুল মান্নান(৫৫)।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পাসপোর্ট দালাল নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।