Published : Monday, 31 January, 2022 at 12:00 AM, Update: 31.01.2022 12:55:53 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বিভিন্ন সড়কে অননুমোদিত স্থান থেকে অটো-সিএনজি, ট্রাক ও কভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহনের চালক থেকে জোরপূর্বক টাকা আদায় এবং ইজারাকৃত জায়গা থেকে নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৯ জানুয়ারি কুমিল্লা সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, পরিবহন চালকরা টাকা দিতে অস্বীকৃতি জানালে এসব ব্যক্তি চালকদেরকে ভয়ভিতি প্রদর্শন এবং কোন কোন ক্ষেত্রে শারীরিকভাবে আঘাত করে চাঁদা আদায় করে আসছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্তে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযানে নামে র্যাব। গ্রেপ্তার করা হয় ১২ জনকে।
গ্রেফতারকৃতরা হলো-মাসুদুর রহমান (৪০), রনি হাসান (২১), মোঃ জনি (২৪), প্রকাশ চন্দ্র দাস (২২), মোঃ শুভ (২২), মোঃ দেলোয়ার হোসেন (৪০), মোঃ মিজান (২৪), মোঃ জিহান (১৯); মোঃ তানভীর (২০), মোঃ আকাশ (২০), মোঃ জুয়েল (২১), এবং মোঃ সাকিব (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের দায় স্বীকার করেছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।