
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার ৩০ জানুয়ারী সকালে উপজেলার জয়নগর বাসস্ট্যান্ড চৌমুহনীতে এ কর্মসূচি পালিত হয়। জয়নগর জনকল্যাণ পরিষদ নামে সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানে কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক সড়কের জয়নগরের কর্মসূচীতে জনকল্যাণ পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন, মিনার প্যাকেজিং ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ২৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মিনার প্যাকেজিং ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড জয়নগর গ্রামের মোঃ আলী হোসেন (৬৫) কাজ শেষে পায়ে হেঁটে ফ্যাক্টরি থেকে বাড়ি ফেরার সময় নাঙ্গলকোট গামী কুমিল্লা সুপার সার্ভিস বেপরোয়া গতিতে এসে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় আলী হোসেনের। একই স্থানে আরো অনেকেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আহত হয়ে পঙ্গু হয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার অন্যতম প্রাণকেন্দ্র জয়নগর চৌমুহনীতে প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ সমবেত হন এবং এই রাস্তা পারাপার হন তাই নিরাপদ সড়কের জন্য এখানে একটি জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রীজ করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। এছাড়া দাবির মধ্যে আছে মহাসড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধ, মহাসড়কে তিন চাকার বাহন চলাচল বন্ধ, হাইওয়ে পুলিশের নজরদারি বৃদ্ধি, মহাসড়কের পাশে বাজার/বাসস্ট্যান্ড/শিল্পকারখানার অন্তর্গত অংশে যানবাহনের সর্বোচ্চ গতিনির্দেশক চিহ্ন ও বাস্তবায়ন, সবার সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সড়ক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। এ ছাড়া দিনে মহাসড়কে সব ট্রাক, ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ মহাসড়কে বিশৃঙ্খলতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জয়নগর চৌমুহনী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা নাঈম উদ্দিন সিদ্দিকী, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, এডভোকেট মোঃ ইকবাল হোসাইন, মোঃ নেছার উদ্দিন মিশু, হায়দার আলী মেম্বার, আবু তৈয়ব,মুক্তার হোসেন, ইমাম হোসেন প্রমুখ।