ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাইলফলকের পর বাবাকে স্মরণ করে আবেগাপ্লুত শামি
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বক্সিং ডে টেস্টে চালকের আসনে রয়েছে ভারত। ৪৪ রান খরচ করে শামি তুলে নিয়েছেন ৫ উইকেট। শামির আগুনে স্পেলের সুবাদেই ভারতের প্রথম ইনিংসের ৩২৭ রানের জবাবে প্রোটিয়া বাহিনী গুটিয়ে যায় মাত্র ১৯৭ রানে। সেঞ্চুরিয়নে ভারতের পঞ্চম পেসার হিসেবে ২০০টি টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক ছুঁলেন শামি। ৩১ বছরের শামি ৫৫তম টেস্টে এই নজির গড়লেন। দুরন্ত কীর্তির পর শামি সাংবাদিক সম্মেলনে বাবার স্মৃতিচারণা করলেন।
শামি জানান, আজ তিনি যে জায়গায় এসেছেন, তার পুরো কৃতিত্বই তাঁর বাবার। শামি ভারতের উত্তরপ্রদেশের আলমোরা জেলার সহেসপুর থেকে উঠে এসেছেন। যে গ্রামে তিনি থাকতেন সেখানে ক্রিকেট শেখার মতো কোনো অবকাঠামোই ছিল না। শামির বাবা তাঁকে সাইকেলে চাপিয়ে ৩০ কিলোমিটার দূরের কোচিং ক্যাম্পে নিয়ে যেতেন প্রতিদিন। বাবা চাইতেন ছেলের যেন স্বপ্নপূরণ হয়।
২০১৭ সালে বাবাকে হারিয়েছেন শামি। ২০০ উইকেট নেওয়ার শামি তাঁর বাবার অবদানের কথা বলেন। তিনি জানান, ‘আমার বাবার জন্যই আজ আমি এই জায়গায়। আমি যে গ্রাম থেকে উঠে এসেছি সেখানে সেরকম সুযোগ সুবিধা ছিল না ক্রিকেট শেখার মতো। এমনকী আজও নেই। আমার বাবা আমাকে সাইকেলে করে ৩০ কিলোমিটার দূরের কোচিং ক্যাম্পে নিয়ে যেতেন। তাঁর সেই সংগ্রাম আজও মনে আছে আমার। সেরকম পরিস্থিতিতে বাবার আমার জন্য যা করেছেন, তার জন্য আজীবন আমি ঋণী।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম নিয়েছিলেন শামি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাকে খেলতে দেখা যায়নি। তবে ফের একবার লাল বল হাতে পেয়েই বাইশ গজে আগুন ঝরালেন এই পেসার।