সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশ-শিক্ষার্থী ঘটনায় কুবির ১৫ শিক্ষার্থীকে শোকজ 
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১১.২০২৬ ১২:০৮ এএম |

পুলিশ-শিক্ষার্থী ঘটনায় কুবির ১৫ শিক্ষার্থীকে শোকজ কুবি প্রতিনিধি:
কুমিল্লা পুলিশ লাইন্স সংলগ্ন এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও কোতোয়ালি থানা-পুলিশ সদস্যদের মধ্যে সংঘটিত ঘটনায় ১৫ জন শিক্ষার্থীকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চিহ্নিত ওই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 
গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য-সচিব।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, সভায় ওই ঘটনার তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। ভিডিও ফুটেজ ও আনুষঙ্গিক তথ্য প্রমাণের ভিত্তিতে প্রস্তুত করা প্রতিবেদনে ১৫ জন শিক্ষার্থীর নাম উঠে আসে। সেই প্রেক্ষিতে তাদের শোকজ করার সিদ্ধান্ত হয়। এছাড়া শিক্ষার্থীদের শোকজের জবাব পর্যালোচনা ও বিশ্লেষণের জন্য ৫ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়্যারম্যান অধ্যাপক মো: আহসান পারভেজ। সদস্য সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো: দলিলুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, শহীদ ধীরেন্দ্র দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম ও সহকারী প্রক্টর ড. মো. মঞ্জুর হোসেন। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য-সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “পুলিশ লাইন্সে শিক্ষার্থী-পুলিশের মধ্যকার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সিন্ডিকেট সভায় প্রতিবেদন উপস্থাপন করেছে। ভিডিও ফুটেজ ও আনুষঙ্গিক তথ্য প্রমাণের ভিত্তিতে প্রস্তুত করা প্রতিবেদনে ১৫ জন শিক্ষার্থীর নাম উঠে এসেছে। সিন্ডিকেট সভায় ওই শিক্ষার্থীদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও প্রক্টর অধ্যাপক ড.মো. শাহাদাৎ হোসেন বলেন, “কুমিল্লা পুলিশ লাইন্সে কুবি শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা প্রক্টরিয়াল বডি একটি কমিটি প্রস্তাব করেছিলাম। সেই কমিটি রেজিস্ট্রার দপ্তর থেকে সার্কুলেট করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদন গত সপ্তাহে আমাদের কাছে জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদন গতকালকে সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। সকল সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে যে ১৪-১৫ জন শিক্ষার্থীকে শোকজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 
তিনি আরো বলেন, “শিক্ষার্থীরা শোকজের জবাব দিলে আগের সকল ভিডিও পর্যালোচনা করা হবে। পর্যালোচনার পর উচ্চতর তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করবে,  সেটি পরবর্তী সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।”
উল্লেখ্য, গত ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা নগরের পুলিশ লাইন এলাকায় পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তল্লাশি শুরু করেন তিন ব্যক্তি। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে তাদের পরিচয় নিয়ে সন্দেহ হলে ছিনতাইকারী সন্দেহে ওই তিনজনকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২