মো. মিজানুর রহমান ।।
বন্ধ হওয়ার দেড় যুগ পরও চালু করা হয়নি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেল স্টেশন। সম্প্রতি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে অত্যাধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ করা হলেও এখন পর্যন্ত পদায়ন করা হয়নি স্টেশন মাষ্টার। ষ্টেশনে নেই কোনো নিরাপত্তা কর্মী। চুরি হয়ে গেছে স্টেশনের বিদ্যুৎ-এর সার্ভিস লাইন ও লাইট। যার ফলে স্টেশন এলাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যার পর সেখানে বসে মাদকসেবীদের আড্ডাখানা। দীর্ঘদিন ধরে চলছে নানা অসামাজিক কার্যকলাপ। এসব বন্ধে প্রশাসনের নিকট কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান স্থানীয়রা।
সূত্র জানায়, প্রায় দেড় যুগ আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেল স্টেশনটি জনবলের সংকট দেখিয়ে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। গত ২০১৭ সালের ১৬ মার্চ ময়নামতিসহ সারাদেশে বন্ধ হওয়া ৬০ টি রেলস্টেশন আনুষ্ঠানিকভাবে চালু করেন তৎকালীণ রেলমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি। কিন্তু চালু হওয়ার পর ৯ বছর পেরিয়ে গেলেও একটি যাত্রীবাহী ট্রেনও এ স্টেশনে স্টপেজ দেয়া হয়নি। সরেজমিনে স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন মাষ্টারের কক্ষ তালাবদ্ধ। টিকেট কাউন্টারে ঝুলছে তালা। ষ্টেশনে নেই কোনো নিরাপত্তা কর্মী। চুরি হয়ে গেছে বিদ্যুৎ-এর সার্ভিস লাইন ও লাইট। যার ফলে এলাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যার পর সেখানে বসে মাদকসেবীদের আড্ডাখানা। চলছে নানা অসামাজিক কার্যকলাপ। রেললাইনের নানা যন্ত্রপাতি নিয়ে গেছে মাদকসেবীরা। নিরাপত্তাকর্মী না থাকায় অনেক দর্শনার্থী দূরদূরান্ত থেকে এসে সেখানে ছিনতাইয়ের শিকার হচ্ছেন। স্টেশন ভবনের থাইগ্লাস ও স্টেশনের মূল্যবান যন্ত্রপাতি ও শৌচাগারের হাইকমোডও রক্ষা পায়নি চোরের হাত থেকে।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান দৈনিক কুমিল্লার কাগজকে জানান, কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থাকায় পার্শ্ববর্তী ময়নামতি রেল স্টেশনটি চালু করা হলে ট্রেন যাত্রীরা যেমন অনায়াসে চলাচল করতে পারতো পাশাপাশি রেলওয়ের আয়ও বৃদ্ধি পেত।
এ বিষয়ে জানতে রবিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রাম এর অতিরিক্ত মহাব্যবস্থাপক (পূর্ব) আতাউল হক ভূঁঞার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
