সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
চান্দিনায় নিখোঁজের এক বছরেও সন্ধান মেলেনি রাসেলের
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১১.২০২৬ ১২:০৭ এএম |

* ডিএনএ পরীক্ষায় রক্তের পরিচয় নিশ্চিত, মেলেনি মরদেহ ।
* মামলার দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশ পরিবার
চান্দিনায় নিখোঁজের এক বছরেও সন্ধান মেলেনি রাসেলেররণবীর ঘোষ কিংকর ।।
নিজের একমাত্র মেয়ের জন্মদিনের কেক আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন ৩০ বছর বয়সী রাসেল মুন্সি। দিনটি ছিল ২০২৫ সালের ৩০ নভেম্বর। রাত পেরিয়ে ভোর হলেও মেয়ের জন্য কেক নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। দেখতে দেখতে কেটে গেছে একটি বছর। এরই মধ্যে তিন বছর বয়সী মেয়ে রসনি চার বছর পূর্ণ করে আজ পা দিবে পাঁচ বছরে। কিন্তু বাবার জন্য তার অপেক্ষা ফুরায়নি। আজও সে বলে, ‘আব্বু, আমার জন্য বার্থডে কেক নিয়ে আসো তাড়াতাড়ি। আমি তোমাদের কেক খাওয়াবো।’ ছোট্ট শিশুটির এই আকুতি শুনে চোখের পানি ধরে রাখতে পারেন না পরিবারের সদস্যরা।
এক বছর আগে নিখোঁজ হওয়া রাসেল মুন্সির সন্ধান আজও মেলেনি। নিখোঁজের কয়েক দিন পর পাশ^বর্তী বুড়িচং উপজেলার কাকিয়ারচর গ্রামের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবন থেকে রাসেলের ব্যবহৃত মানিব্যাগ, আতর ও সিগারেটের প্যাকেটে রক্তের দাগ পায় পুলিশ। পরে ওই রক্তের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য রাসেলের মা-বাবার নমুনা সংগ্রহ করে কুমিল্লা সিআইডি। নিখোঁজের প্রায় পাঁচ মাস পর পাওয়া ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নিশ্চিত হয়, পরিত্যক্ত ভবনে পাওয়া রক্ত রাসেল মুন্সির। অর্থাৎ রক্তের নমুনার সঙ্গে তাঁর মা-বাবার ডিএনএর মিল পাওয়া যায়। তবে রক্তের পরিচয় নিশ্চিত হলেও আজ পর্যন্ত সন্ধান মেলেনি রাসেলের জীবিত কিংবা তাঁর মরদেহের।
রাসেল মুন্সি কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মহারং মুন্সিবাড়ির মনির মুন্সির ছেলে। গত বছরের ৩০ নভেম্বর মেয়ের জন্মদিনের কেক কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।
রাসেলের স্ত্রী রুমা আক্তার জানান, স্বামী নিখোঁজ হওয়ার পর তাঁর ছোট ভাই মাসুদ মুন্সি চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে আমরা জানতে পারি নিখোঁজ হওয়ার রাতে রাসেল কয়েকজন বন্ধুর সঙ্গে ছিলেন। ওই বন্ধুদের আটক করে আমরা পুলিশের কাছে দেই। পরবর্তী সময়ে আমি একটি অপহরণ মামলা দায়ের করি। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। তবে তাঁদের কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে না পারায় একে একে সবাই জামিনে বেরিয়ে গেছেন।
তিনি আরও জানান, মামলাটি বর্তমানে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) তদন্ত করছেন। কিন্তু গত ছয় মাসেও মামলা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
রুমা আক্তারের দাবি, তাঁর স্বামীকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। তিনি বলেন, ‘আমার মেয়ে আজও তার বাবার জন্য অপেক্ষা করছে। বাবার কাছে কেক চায়। আমার স্বামী যতই খারাপ হোক না কেন, তাঁর মরদেহটাও কি আমরা পেতে পারি না? আমরা শুধু তাঁর মরদেহটা ফিরে পেতে চাই।’
এদিকে, ছেলের নিখোঁজের এক বছর পেরিয়ে গেলেও আশার প্রদীপ নিভে যায়নি মা হোসনে আরা বেগমের। ছেলের অপেক্ষায় প্রতিনিয়ত কান্নায় বুক ভাসাচ্ছেন তিনি। তাঁর আকুতি, ‘পুলিশ আমার ছেলেকে ফিরিয়ে দিতে না পারলেও অন্তত তার মরদেহটা ফিরিয়ে দিক। আর কিছু না হউক আমি আমার ছেলের হাড়গুলো ফিরে পেতে চাই।’
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, তিনি ওই ঘটনার অন্তত ছয় মাস পর চান্দিনা থানায় যোগদান করেছেন। যতটুকু জেনেছেন, কাকিয়ারচর গ্রামের পরিত্যক্ত ভবনে পাওয়া রক্তের সঙ্গে নিখোঁজ রাসেল মুন্সির মা-বাবার ডিএনএর মিল পাওয়া গেছে। তিনি বলেন, ‘যেহেতু এটি অপহরণ মামলা, সেহেতু নিখোঁজ ব্যক্তিকে জীবিত অথবা মৃত উদ্ধার করতে হবে। বর্তমানে মামলাটি সার্কেল স্যার তদন্ত করছেন। তিনিই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমান জানান, কাকিয়ারচর গ্রামের পরিত্যক্ত ভবনে পাওয়া রক্ত যে রাসেল মুন্সির, তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিকে জীবিত কিংবা মৃত উদ্ধার করা সম্ভব না হওয়ায় মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে স্বীকার করেন তিনি। তবে পরিবারের অভিযোগ সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই মামলা নিয়ে কাজ করছি।’

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২