শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতায় পার্থক্য দেখছেন মৎস্যমন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ১:৫৩ এএম |

ইলিশ গবেষকদের মতামত ও মৎস্যজীবীদের অভিজ্ঞতার মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।
গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় করা গেলে ইলিশ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আমিন উর রশিদ বলেন, “ইলিশ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে অভিযোজন সক্ষম। ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণক্ষেত্র, পরিবেশগত অবস্থা, পানির প্রবাহ ও জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।
“মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামত এবং বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে ইলিশ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।”
ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩০০ কোটি ডলার জানিয়ে মন্ত্রী বলেন, এ খাতের সঙ্গে মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, প্রক্রিয়াজাতকারীসহ অসংখ্য মানুষ জড়িত।
ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মৎস্যমন্ত্রী বলেন, “মাছ ধরায় নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও সংরক্ষণের জন্য অপরিহার্য হলেও এ সময়ে বহু মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। তাই সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।”
মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন আমিন উর রশিদ।
তিনি বলেন, “অধিকাংশ ক্ষেত্রে মৎস্যজীবীরা নিজেরা সরাসরি মাছ বিক্রি করতে পারেন না। মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি ক্রেতাদেরও বেশি মূল্য দিতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মাসুমা হাবিব এবং মিয়ানমার ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা খিন মং সো কর্মশালায় উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২