যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ২৫ নভেম্বর বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্য রপ্তানিতে শুল্ক বসানোর প্রস্তাব করেছে। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে এই প্রস্তাব করা হয়। নতুন করে শুল্ক প্রস্তাবের ফলে ব্যবসায়ীরা বেশ শঙ্কিত এবং চাপে রয়েছেন। ব্যবসায়ীরা সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে ইউএসটিআরের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের কারণে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ বেড়েছে। দেশের শিল্প খাতে নেতিবাচক প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ঠিক এ সময়ে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করায় প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ সরকার ইউএসটিআরের প্রস্তাবের ওপর ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত দিতে পারবে। আগামী ২৫ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে শুনানির পর এই শুল্ক কার্যকর হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হবে ১৮ শতাংশ। তবে এটির ক্ষেত্রে সন্তোষজনক আলোচনা না হলে হারটি ২০ শতাংশ হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের এপ্রিলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশের ক্ষেত্রে হারটি ছিল ৩৭ শতাংশ। এই শুল্ক কমাতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও চুক্তি করে। জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বর্তমানে গড় শুল্ক ২৫ শতাংশ। নতুন করে যদি ১৮ শতাংশ শুল্ক আরোপ হয়, তাহলে মোট গড় শুল্ক দাঁড়াবে ৩৩ শতাংশ।
দেশে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে পোশাক, জুতা ও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি। এ খাতে রপ্তানি হয় প্রায় পৌনে ৬ শতাংশ পণ্য। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৫ কোটি ডলারের পণ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তুলা থেকে তৈরি করা পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো তা দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়াশিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ এনে সর্বোচ্চ ১৮ শতাংশের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।
প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে চুক্তি সাপেক্ষে শুল্ক কমানোর সুযোগ রাখা হয়েছে, যা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমাবে। কোনো প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে তারা এগিয়ে যাবে। পাকিস্তান এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে। যেহেতু ইউএসটিআর তাদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বলেনি। এমন পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএসটিআরকে জানিয়েছে যে, বাংলাদেশে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই; বরং যুক্তরাষ্ট্রের ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কম দামের প্রস্তাবের কারণে রপ্তানিকারকরাই চাপে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে ব্যবসায়ীদের ওপর যাতে নতুন করে চাপ সৃষ্টি না হয়, সে জন্য আলোচনার ভিত্তিতে সমাধানে আসতে হবে। বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে জোরালো অবস্থান নিতে হবে। যুক্তরাষ্ট্র একের পর এক যেসব শুল্ক আরোপ করছে, তা মুক্ত বাণিজ্যনীতির পরিপন্থি কি না, তা পর্যালোচনা করতে হবে। এমনিতেই দেশে পোশাক খাতের অস্থিরতায় এখান থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। নভেম্বরের ১৮ দিনে সরেছে ২৫ কোটি ৪০ লাখ ডলারের আদেশ; যা দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা বলে আমরা মনে করি। এখনো যেহেতু বিষয়টি জনমত যাচাই ও আলোচনার পর্যায়ে রয়েছে, সে ক্ষেত্রে বিষয়টি নিয়ে সরকারকে জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
