রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
তৈরি পোশাকশিল্পের অস্থিরতা দূর হোক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

তৈরি পোশাকশিল্পের অস্থিরতা দূর হোকতৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। গতকাল মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। শ্রমিকদের নতুন এ মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। সরকার মনে করছে, মজুরি বোর্ডের সব পক্ষের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারিত হবে, যার মাধ্যমে শ্রমিকের জীবনযাত্রার ন্যূনতম চাহিদার পাশাপাশি শিল্পের সক্ষমতাও রক্ষা হবে। সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। শ্রমিক অসন্তোষের কারণে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়। বৈঠকের দিনেও মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুননির্ধারণে ছয় সদস্যের ‘মজুরি বোর্ড’ গঠন করে সরকার। বর্তমানে শ্রমিক-মালিক উভয় পক্ষের আলোচনায় মজুরি নির্ধারণের ফলে সেই অসন্তুষ্টি কেটে যাবে বলে আশা করা যায়।
তথ্যমতে, বৈঠকে দর-কষাকষিতে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বৃদ্ধি করে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাবে অনড় থাকলে শ্রমিকরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব দেয়। মালিকপক্ষ তাদের প্রস্তাবে স্থির থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা দাবি করে। অবশেষে মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকলে বোর্ড চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। শ্রমিকদের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে দুটি, অন্যদিকে মালিকদের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে চারটি। এরপর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। ২০২৩ সালে নিম্নতম মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। তখন ন্যূনতম মজুরি নির্ধারিত হয় সাড়ে ১২ হাজার টাকা। বর্তমানের এই মজুরি থেকে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি।
মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জন্য একটি ন্যায্য মজুরি নির্ধারিত হয়েছে। সরকার আশা করছে, শ্রমজীবী মানুষের শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, সে অনুযায়ী একটি বেতনকাঠামো নির্ধারণ হোক। অবশেষে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বহুল প্রত্যাশিত মজুরি নির্ধারণ হয়েছে। আশা করছি, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকরা তাদের নির্ধারিত মজুরি মেনে কারখানায় ফিরে যাবেন। মালিকপক্ষও মূল্যস্ফীতির চাপে শ্রমিকদের জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো বিবেচনায় নিয়ে অতি দ্রুত তাদের জন্য করা নির্ধারিত মজুরি প্রদান করবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২