বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধাজাপানের বাজারে বাংলাদেশের রপ্তানিপণ্যের শুল্কমুক্ত প্রবেশের যে সুযোগ তৈরি হয়েছে, তা দেশের রপ্তানি খাতের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি ও সম্ভাবনার বার্তা। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বাংলাদেশকে বেশ কিছু প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা যায়, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের আওতায় ৯৭ শতাংশ রপ্তানিপণ্যের শুল্কমুক্ত সুবিধার কথা বলা হয়েছে। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্য, ওষুধ, হালকা প্রকৌশল এবং তথ্য-প্রযুক্তি সেবা রয়েছে।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ইপিএ স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি। এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশের সাত হাজার ৩৭৯টি ট্যারিফ লাইনে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে।
বিপরীতে বাংলাদেশও জাপানের এক হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তবে চুক্তিটি এখনো কার্যকর হয়নি। জাপানের সংসদীয় অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর এটি কার্যকর হবে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে চুক্তিটির গুরুত্ব আরো বেড়েছে।
কেননা এলডিসি হিসেবে জাপানের বাজারে বাংলাদেশ যে বাণিজ্য সুবিধা পাচ্ছে, তা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ইপিএ কার্যকর হলে এর পরও দীর্ঘ মেয়াদে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ধরে রাখার সুযোগ তৈরি হবে। তাই ইপিএর সুফল পেতে হলে চুক্তিতে থাকা প্রতিশ্রুতিগুলোর যথাযথ বাস্তবায়ন জরুরি। দেশের রপ্তানি খাতের বড় সমস্যা হলো, তৈরি পোশাক খাতের ওপর অতি নির্ভরতা। জাপানে রপ্তানির ক্ষেত্রেও একই সংকট দেখা যায়।
জাপানে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ থেকে ৮৩ শতাংশ তৈরি পোশাক। অন্যদিকে বাংলাদেশের মোট রপ্তানিতে জাপানের অংশ মাত্র ৩ শতাংশের মতো। আবার তৈরি পোশাক ছাড়া আমাদের অন্যান্য পণ্য রপ্তানির ভিত্তিও বেশ দুর্বল। উৎপাদন সক্ষমতার ঘাটতি, উচ্চ উৎপাদন ব্যয়, দুর্বল সরবরাহব্যবস্থা, দীর্ঘ পরিবহন সময় এবং বিনিয়োগ পরিবেশের সীমাবদ্ধতা নতুন বাজার সম্প্রসারণে অন্যতম বাধা হয়ে আছে। এ ছাড়া জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে দেশটির কঠোর মানদণ্ড পূরণ, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরির সক্ষমতা অর্জন করতে হবে।
এসব সীমাবদ্ধতার পাশাপাশি আমাদের সম্ভাবনাগুলোও মনে রাখা জরুরি। তৈরি পোশাক ছাড়া বেশ কিছু খাত রয়েছে, যেগুলো নীতি সহায়তা পেলে দেশের রপ্তানি খাত ঘুরে দাঁড়াতে পারে। চিংড়ি খাতের কথাই ধরা যাক, প্রক্রিয়াকরণ কারখানাগুলো কাঁচামালের অভাবে বছরের অর্ধেক সময় বন্ধ থাকে। অথচ এ খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য এবং হস্তশিল্পেও জাপানের বাজারে সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইপিএ কার্যকর হওয়ার আগেই বাংলাদেশকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। পোশাকের বাইরের সম্ভাবনাময় খাতগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক মানের সনদ অর্জন, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং জাপানি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে।
দেশের অর্থনীতিতে গতি ফেরাতে রপ্তানি পণ্য বহুমুখীকরণের বিকল্প নেই। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ওষুধ, তথ্য-প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, চামড়াজাত পণ্য ও হালকা প্রকৌশলসহ ছয়টি সম্ভাবনাময় খাত চিহ্নিত করেছে এবং সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। এসব পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। পরিশেষে ইপিএ চুক্তির প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে জাপানের বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হোক-এটাই প্রত্যাশা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২