সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

মো. হাবিবুর রহমান ।।
উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলায় ‘আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার ফাউন্ডেশন’ এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা সম্পন্ন হয়।
এবারের পরীক্ষায় বাঙ্গরা উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৩৭৮ জন ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাহমিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাহমিনা বেগম জানান, সম্পূর্ণ স্বচ্ছতা ও সুন্দর পরিবেশে এ শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা যেন শৈশব থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাতে পারে, সে লক্ষ্যেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। প্রতিযোগিতামূলক পরিবেশে পরীক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেদের কাজ নিজেরা করার সক্ষমতা তৈরি হবে।
বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার বলেন, নিজ এলাকাকে শিক্ষায় সমৃদ্ধ ও আলোকিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো এ শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছে। এর মাধ্যমে তাদের সুপ্ত মেধার বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।
কেন্দ্রে উপস্থিত অভিভাবকরা জানায়, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি, মেধার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার ফাউন্ডেশনের এ বৃত্তি পরীক্ষা অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় ভূমিকা রাখবে।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২