দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ১৯ দিনে ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৯২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় নাশকতা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রমের পরিধি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজনৈতিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি এবার বিশেষ নজরদারিতে আসছে শিল্পাঞ্চল, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক আয়োজন। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ সদরদপ্তরের হিসাবে, ৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে ১০০টি ককটেল বিস্ফোরণ এবং ৯২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের চারটি স্থাপনা ও ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় ৪৬টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮০ জনকে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শনাক্ত, সন্দেহজনক ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
মাঠপর্যায়ে জেলা পুলিশ, মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, নাশকতা প্রতিরোধের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন ও জনজীবন স্বাভাবিক রাখাও জরুরি। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা জনসমাগমস্থল হামলার লক্ষ্যবস্তু হলে সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হয়। এতে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইন প্রয়োগে নিরপেক্ষতা, পেশাদারত্ব এবং মানুষের স্বাভাবিক চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা একটি গোপনীয় প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্গঠিত হওয়ার চেষ্টার বিষয়টি উঠে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও দলটির সমর্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের যেকোনো ধরনের সন্দেহজনক অনুষ্ঠানকে দলীয় বা রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দলটির সমর্থিত বা নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিওতে কর্মরত ব্যক্তিদের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পূর্ববর্তী দণ্ডাদেশ ও রেকর্ড (পিসিপিআর) যাচাইয়ের নির্দেশনা রয়েছে।
শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় বিশেষ নজর
মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা জানান, রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতার ঝুঁকি বিবেচনায় শিল্পাঞ্চল, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরদারি বাড়ানোর নির্দেশনা রয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজধানীর মিরপুর-পল্লবী, গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর ও ভোগড়া বাইপাস এবং সাভার-আশুলিয়ার মতো শিল্পঘন এলাকাগুলো।
এসব এলাকায় শিল্প পুলিশ, জেলা পুলিশ, মহানগর পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত নিরাপত্তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পকারখানার প্রবেশপথ, আশপাশের সড়ক, শ্রমিকদের চলাচলের স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুধু শিল্পাঞ্চল নয়, বিভিন্ন বাণিজ্যিক এলাকা, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তাও গুরুত্ব পাচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জনসমাগমস্থলেও বাড়ছে নজরদারি:
পুলিশের দায়িত্বশীল পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, রাজনৈতিক সভা-সমাবেশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, প্রদর্শনী, ক্রীড়া আয়োজন ও সামাজিক অনুষ্ঠানেও নিরাপত্তা নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বড় আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের সঙ্গে সমন্বয় করে প্রবেশপথ, বের হওয়ার পথ, পার্কিং এলাকা ও আশপাশের সড়কের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
কোনো অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হলে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আতঙ্ক ছড়ানোর আশঙ্কা থাকে। এ ধরনের পরিস্থিতি এড়াতে অনুষ্ঠান শুরুর আগে ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উসকানিমূলক তথ্য ও সম্ভাব্য নাশকতার হুমকির বিষয়েও নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
