ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ লাখ ২৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে গরু, ইজিবাইক, প্রসাধনী সামগ্রী, মাদকদ্রব্য ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির বিভিন্ন বিওপির টহলদল। অভিযানগুলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শংকুচাইল ও খারেরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পরিচালিত হয়। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর ও মাদলা বিওপির টহলদলও পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ভারতীয় অবৈধ গরু, ইজিবাইক, ভ্যাসলিন লোশন, পন্ডস ক্রিম, অলিভ অয়েল, গাঁজা ও মদ জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৩ হাজার ৩০০ টাকা।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
