শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
পাকা আমন ধান নিয়ে বিপাকে কৃষক
জমিতে পানি, সাথে কারেন্ট পোকার উপদ্রব
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ১:৫৫ এএম |

পাকা আমন ধান নিয়ে বিপাকে কৃষকরণবীর ঘোষ কিংকর।
হেমন্তের শুরুতেই মাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা। কৃষকের ঘরে ঘরে এখন থাকার কথা নতুন ধান তোলার আনন্দ, চলার কথা নবান্ন উৎসবের প্রস্তুতি। কিন্তু এ বছর কুমিল্লার কৃষকদের সেই আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। অসময়ের টানা বৃষ্টি, জমিতে জলাবদ্ধতা এবং কোথাও কোথাও কারেন্ট পোকার উপদ্রবে পাকা রোপা আমন ধান ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টিতে বেশ কিছু জমির ধানগাছ মাটিতে হেলে পড়েছে। আবার জমিতে পানি জমে থাকায় পাকা ধান কাটাও সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
গত সপ্তাহে টানা চার দিনের অসময়ের বৃষ্টিতে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার রোপা আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার সহস্রাধিক কৃষক কমবেশি ক্ষতির মুখ পড়েছেন। বিশেষ করে যেসব জমির ধান পেকে গেছে, সেসব জমিতে পানি জমে থাকায় সময়মতো ধান কাটতে না পেরে বাড়তি লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।
সরেজমিনে জেলার চান্দিনা, দেবীদ্বার, বুড়িচং সহ কয়েকটি উপজেলার ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমিতেই রোপা আমন ধান পেকে সোনালি রং ধারণ করেছে। তবে কোনো কোনো জমিতে পানি জমে আছে, আবার কোথাও জমির উপর ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত পানি রয়েছে। জমি থেকে পানি না নামায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। টানা বৃষ্টিতে অনেক জমির ধানগাছ হেলে পড়েছে। এতে ধান কাটার কাজ আরও কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে কিছু কিছু জমিতে পাকা ধানেও কারেন্ট পোকার আক্রমণের আশঙ্কায় কীটনাশক ছিটাতে দেখা গেছে কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লার ১৭টি উপজেলায় ১ লাখ ১৪ হাজার ৯৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। এর মধ্যে ২ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৯২ হেক্টর জমির ফসল। এ ছাড়া পোকার আক্রমণে আক্রান্ত জমি থেকে ২৫ দশমিক ২৫ হেক্টর ফসলের ক্ষতির তথ্য পাওয়া গেছে।
চান্দিনা উপজেলা সদরের ছায়কোট কৃষি মাঠের কৃষক মোস্তফা বলেন, “খালে পানি টইটম্বুর। জমির পানি নামছে না। ক্ষেতের ধান পেকে গেছে, কিন্তু পানি থাকায় কাটতে পারছি না। অন্যদিকে জমিতে কারেন্ট পোকার আক্রমণের আশঙ্কায় কীটনাশক দিতে হচ্ছে। আজও (বৃহস্পতিবার) জমিতে কীটনাশক ছিটিয়েছি। ধানগাছের গোড়ায় পানি, আর উপরে পোকার উপদ্রব এমন পরিস্থিতিতে আমরা দিশেহারা।”
রারিরচর এলাকার কৃষক বিল্লাল হোসেন বলেন, “এ মৌসুমে ধানগাছ তুলনামূলক নরম থাকে। ফলে টানা বৃষ্টিতে অনেক জমির ধানগাছ পড়ে গেছে। যেসব জমির ধান এখনো পুরোপুরি পাকেনি, সেসব জমি নিয়ে কৃষকরা বেশি দুশ্চিন্তায় আছেন। কারণ, ধান পাকার আগেই গাছ পড়ে গেলে ফলন ও ধানের মান দুটিই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।”
কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে ধান কাটার পাশাপাশি শুকানো ও মাড়াইয়ের কাজেও সমস্যা তৈরি হবে। সময়মতো ফসল ঘরে তুলতে না পারলে ঝরে পড়া ধান, শীষে অঙ্কুরোদগম এবং আর্দ্রতার কারণে ধানের গুণগত মান কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে উৎপাদন খরচের পাশাপাশি আর্থিক ক্ষতির বোঝাও বাড়তে পারে।
এ বিষয়ে কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “বৃষ্টিতে আমাদের জেলায় রোপা আমন আবাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন না হলেও জমিতে পানি জমে থাকায় ধান কাটতে কিছুটা বিপাকে পড়েছেন কৃষকরা। তবে পাকা ধানে কারেন্ট পোকার আক্রমণের আশঙ্কা তেমন নেই। কোনো ফসলি জমিতে কারেন্ট পোকার আক্রমণ হলেও পাকা ধানে ক্ষতির আশঙ্কা খুবই কম। তাই এ নিয়ে কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।”
তিনি আরও জানান, ফসলের অবস্থা বিবেচনা করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। অযথা কীটনাশক ব্যবহার না করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২